Published : 26 Mar 2026, 01:05 AM
দেশের দর্শকদের মন জয় করার পর এবার আন্তর্জাতিক প্রেক্ষাপটে ‘দম’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। রেদওয়ান রনি পরিচালিত এই চলচ্চিত্রটি আগামী ২৭ মার্চ থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন সিনেমা হলে দেখানো হবে। প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, সিডনির ব্যাংকসটাউন হলে স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এরপর ২৮ মার্চ প্রসপেক্ট এবং ২৯ মার্চ ওয়েরিবি হলে সিনেমাটির শেষ প্রদর্শনী হবে। ‘দম’ সিনেমাটি ধীরে ধীরে অন্যান্য দেশেও মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে। নির্মাতা রেদওয়ান রনি বলেন, “একটি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি এই সিনেমা দর্শকদের মধ্যে যে উৎসাহ তৈরি করেছে, প্রবাসীরাও যেন একইরকম আবেগ অনুভব করেন, সেই আশা রাখি।
আমরা চেয়েছি, এই গল্পটি যেন বাংলাদেশের মানুষের জয়গান হয়।” প্রায় এক দশক পর বড় পর্দায় ফেরা রেদওয়ান রনি এবং প্রথমবার আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর একসঙ্গে কাজ করা—এই বিষয়গুলো অস্ট্রেলিয়ায় দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে। সিডনির সেন্ট ম্যারিজের বাসিন্দা প্রকৌশলী জিয়া উদ্দিন বলেন, “সামাজিক মাধ্যমে সিনেমাটির ব্যাপক প্রশংসা শুনেছি। আমরা মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। প্রথম দিনেই সিনেমাটি দেখার পরিকল্পনা করেছি।” সিডনিতে বেড়াতে আসা ক্লোজআপ ওয়ান ২০০৬-এর জনপ্রিয় শিল্পী সাবরীনা বাঁধনও সিনেমাটি নিয়ে নিজের আনন্দ প্রকাশ করেছেন।
তিনি বলেন, “বিদেশের মাটিতে দেশীয় ভালো সিনেমা মুক্তি পাওয়া সবসময়ই গর্বের বিষয়। ‘দম’ নিয়ে চারদিকে ইতিবাচক কথা শুনছি, তাই আমি সিনেমাটি দেখার জন্য উৎসুক।” আফরান নিশো, পূজা চেরী ও চঞ্চল চৌধুরী অভিনীত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও মো. সাইফুল্লাহ রিয়াদ।।
অস্ট্রেলিয়ায় স্বপ্নদলের 'হেলেন কেলার': মানবিক সংগ্রামের এক অসাধারণ মঞ্চায়ন